শিক্ষার মান উন্নয়নে নলডাঙ্গা ভূষণ পাইলট বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রাক্তন শিক্ষক ও শিক্ষানুরাগী আজিবর রহমান, মহিলা কলেজের প্রভাষক মশিয়ার রহমান, সহকারী শিক্ষক বিদেশ কান্তি, মনিরুল ইসলাম, বাবুল আক্তার, আরিফ হোসেন, মানিক ঘোষ,সাংবাদিক রসুল সহ অভিভাবকবৃন্দ।
এসময় শিক্ষক-অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত প্রকাশ করেন। বক্তারা বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলাও জরুরি।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে।”
সভায় অভিভাবকরা নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, মাদক থেকে দূরে রাখা, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় আসক্তি কমানোসহ নানা পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার মান বজায় রাখতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হবে।





