কালীগঞ্জে ৬ লেন মহাসড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয় জনসাধারণসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, জমির বর্তমান বাজারমূল্য বিবেচনায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ২০২২ সালের মৌজা মূল্য ধরে প্রতি শতাংশ জমির দাম মাত্র ২ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে যেখানে প্রকৃত দাম ১০ লাখ টাকারও বেশি। এছাড়াও ঘরবাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে জমির মূল্য নির্ধারণ ও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ফলে প্রায় এক ঘণ্টা ঝিনাইদহ-যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা রুটের সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেন তারা।





