১৭ বছর পর চিতলমারীতে শাকিল আহমেদ রানার প্রত্যাবর্তন, বরণে জনতার ঢল


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর নিজের জন্মভূমি বাগেরহাটের চিতলমারিতে ফিরে এলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা শাকিল আহমেদ রানা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিজ এলাকায় পৌঁছালে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
চিতলমারী উপজেলা সদরে ফেরার পথে শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সদরে প্রবেশ করান। স্থানীয় বিভিন্ন সড়কে শোভাযাত্রাটি ঘুরে বেড়ালে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
এসময় শাকিল আহমেদ রানা আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের কারণে আমি আমার জন্মভূমিতে আসতে পারিনি। আজ এতদিন পর আপনাদের মাঝে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আমি সবসময়ই চিতলমারীর নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো। আমি চিতলমারী বাসীর পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
স্থানীয় নেতাকর্মীরা জানান, শাকিল আহমেদ রানা ছাত্র রাজনীতির সময় থেকেই সাহসী ভূমিকা রেখেছেন। দীর্ঘদিন এলাকার বাইরে থেকে সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি সবসময়ই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তার প্রত্যাবর্তনে এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
শাকিল আহমেদ রানাকে একনজর দেখার জন্য এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, নির্যাতন-নিপীড়নের কারণে দীর্ঘ সময় তিনি এলাকায় আসতে না পারলেও আজ তার প্রত্যাবর্তনে চিতলমারীতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।





