সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২ ডাকাত আটক ও জিম্মি ৯ জেলে উদ্ধার


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে অস্ত্র,গোলাবারুদসহ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক ও জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময়ে ধাওয়া করে ২ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেঅস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১ টি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের ডাকাত সহযোগী বাগেরহাট ও খুলনার বাসিন্দা নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) রাঙ্গা বাহিনীর ২ জনকে আটক করে। তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা জানায়, গত ৩ সেপ্টেম্বর বৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে যায়। রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।





