দলের দুঃসময়ের নিরলস কর্মী, আসন্ন নির্বাচনে আলোচনায় ইঞ্জিনিয়ার মাসুদ রানা


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টকর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠছে বাগেরহাট-১ আসন। চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট নিয়ে গঠিত এই আসনে ইতোমধ্যেই আলোচনায় আসতে শুরু করেছেন বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি বাগেরহাট জেলা বিএনপির একজন সম্মানিত সদস্য এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে এমপি প্রার্থী ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলের দুঃসময়ে মাঠে থেকে যে কয়েকজন নেতা তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ধরে রেখেছেন, তাদের অন্যতম ইঞ্জিনিয়ার মাসুদ রানা। আন্দোলন, মিছিল-সমাবেশ কিংবা সংগঠনের ভেতরে ঐক্য বজায় রাখা প্রতিটি ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি ছিলো লক্ষণীয়। তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করেননি, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখে সরাসরি পাশে থেকেছেন। ফলে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠেছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, ইঞ্জিনিয়ার মাসুদ রানা শুধু সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ নন, তরুণ প্রজন্মের কাছেও তিনি অনুপ্রেরণার প্রতীক। তার নেতৃত্বে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীর তৃণমূল বিএনপি নতুন করে উজ্জীবিত হয়েছে। দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে একত্রিত করার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে আসন্ন নির্বাচনে বিএনপি যদি কার্যকরভাবে মাঠে নামতে চায়, তবে বাগেরহাট-১ আসনে ইঞ্জিনিয়ার মাসুদ রানার মতো প্রার্থীই হতে পারে দলের শক্ত ভিত্তি। কারণ তিনি অতীতের মতো বর্তমানেও জনগণের সাথে প্রত্যক্ষ যোগাযোগ বজায় রেখেছেন এবং প্রতিটি আন্দোলনে সামনের সারিতে ছিলেন।
স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে তার নাম ঘিরে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। কর্মী-সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে তার তৃণমূলমুখী কর্মকাণ্ড। অনেকের মতে, আগামী নির্বাচনে বাগেরহাট-১ আসনে বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ইঞ্জিনিয়ার মাসুদ রানা হতে পারেন দলের সবচেয়ে যোগ্য বিকল্প।





