পঞ্চগড়

আত্মগোপনে থেকেও রক্ষা পেলো না, পঞ্চগড়ে জয় হত্যার প্রধান দুই আসামী

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রদলকর্মী জাবেদ উমর জয় (১৯) হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামি ফারাজ ইসলাম আল আমিন ও তার ভাই আকাশকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে তার এক বোনের বাসায় পালিয়ে আত্মগোপনে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে, গত শুক্রবার (১৫ আগস্ট) চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে তাদের পঞ্চগড়ে আনা হয় এবং রাতেই চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক মোহাম্মদ নুরুজ্জামান আদালতের প্রক্রিয়া শেষে রাত ১১টার দিকে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারকৃত আল আমিন ও আকাশ পঞ্চগড় সদর উপজেলার নতুবস্তি (রাজনগর) এলাকার খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, গত ৬ আগস্ট (বুধবার) রাতে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় পূর্বশত্রুতার জেরে সহকর্মীদের সঙ্গে নিয়ে জয়কে ছুরিকাঘাত করেন আল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জয়কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

নিহত জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা জহিরুল হকের ছেলে। তিনি ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পাশাপাশি জেলা শহরের কদমতলা এলাকায় ‘সূচনা ফল ঘর’ নামে একটি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

জয় হত্যার ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) বিকেলে নিহতের বড় ভাই আশরাফ আলী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক আসামিদের ধরতে পুলিশ অভিযান চালায়।

এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাত মিলিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

এই বিভাগের আরও সংবাদ