পঞ্চগড়ের বোদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শিক্ষকদের অশ্রুসিক্ত বিদায়


আল মাহমুদ দোলন , পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির কে মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বোদা মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেস এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির নির্বাহী কর্মকর্তা হিসেবে নয় বরং একজন পথ প্রদর্শক, অভিভাবক, সর্বোপরি শিক্ষা পরিবারের সদস্য হিসাবে সার্বক্ষণিক আমাদের পাশে ছিলেন।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, কাজের মধ্যে আপনাদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে এই যে সংবর্ধনার আয়োজন এটাই সবচেয়ে বড় অর্জন। আমার বাবা দাদা শিক্ষক ছিলেন, সেই দিক থেকে শিক্ষা পরিবারের একজন সন্তান হিসেবে আপনাদের জন্য কিছু করতে পেরেছি মনে করলেই নিজেকে সফল ভাবতে পারবো।
মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম বলেন, আমার চাকরি জীবনে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে আপনাকে পেয়েছি, আপনার বিদায় আমাদের জন্য বিষাদের। আপনি বড় পরিসরে গেলে শিক্ষা পরিবারের ত্রুটিবিচ্যুতি চিন্তায় রেখে নিশ্চয়ই শিক্ষকদের উন্নয়নে কাজ করবেন সেই প্রত্যাশা করি।
এর আগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





