সখীপুরে প্রবাস ফেরত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


এমকে ভুইয়া সোহেলঃ টাঙ্গাইলের সখীপুরে মোহসিনা খাতুন মীম (৩০) নামে প্রবাস ফেরত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মীম উপজেলার প্রতিমা বংকী জনতা বাজার এলাকার মাহবুবুর রহমানের মেয়ে। চার-পাঁচমাস আগে দুবাই থেকে ফিরে পৌরসভার ওই বাসায় বড় বোনের সঙ্গে থাকতেন তিনি ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে মীম তাঁর বোনের সঙ্গে কথা বলে নিজের কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ডাকাডাকি করেও মীমের কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো মীমের দেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ছাইদুর রহমান ভূঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।





