তেঁতুলিয়ার তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন


আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি; পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শালবাহানে তেলের খনির পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। । শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে তেঁতুলিয়ার সচেতন নাগরিক কমিটির আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকবৃন্দ।
মানবন্ধনে নাগরিক কমিটির সংগঠনের আহবায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষানবিস আইনজীবী রাশেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার ও সোহরাব হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন, ১৯৮৭ সালে ভু’কম্পন জরিপের মাধ্যমে আমাদের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে এই তেলখনি আবিস্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হয়। তেল আরোহনের কার্যক্রম উদ্বোধন করে তেল খনি থেকে তেল উত্তোলনের ঘোষণা দেন তৎকালীন রাস্ট্রপতি এইচ এম এরশাদ।
ফ্রান্সের ফরোসল (ফস্টাল) নামের একটি কোম্পানীকে তেল আরোহনের জন্য নিযুক্ত করা হয়। ৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যসার্ধের একটি কুপের মাধ্যমে তেল আরোহন শুরু হয়। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফরোসল কম্পানীও সবকিছু গুটিয়ে চলে যায়। আজও এর রহস্য উম্মোচন হয়নি। স্থানটি “তেল কোম্পানী” নামে পরিচিত রয়েছে।
বক্তারা বলেন সেই ফরোসল কম্পানী শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কার্য শুরু করে বলে জানা যায়। অনেকে বলছে ভারত অদৃশ্য ভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে। তাই অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে তা সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা। একই সঙ্গে তেলের খনি কেন বন্ধ করা হলো সে বিষয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বক্তারা।
সরকার শিঘ্রই উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনেরও কর্মসুচী গ্রহণ করা হবে ।
সমাবেশ শেষে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা তেঁতুলতলায় এসে শেষ হয়।





