বিএনপির দুঃসময়ের সাহসী সৈনিক: আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখন রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা ও গুম-গ্রেফতারের চরম সময় অতিক্রম করছে, ঠিক তখন রাজপথে সাহসের সঙ্গে যারা দলের পতাকা বহন করেছেন, তাদের একজন হলেন আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
গত ১৭ বছর ধরে কোনো আনুষ্ঠানিক পদ-পদবি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি সাংগঠনিক ইউনিটে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করে গেছেন তিনি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল, জাসাস ও মহিলা দলের ইউনিটগুলো তার নেতৃত্বে সক্রিয় ও কার্যকর হয়ে ওঠে। তার অনুপ্রেরণায় শত শত নতুন নেতাকর্মী রাজনীতিতে যুক্ত হন।
বিশেষ করে করোনাকালে তিনি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য, নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা দিয়ে অসংখ্য নেতাকর্মীর পাশে দাঁড়ান। দলীয় যেকোনো আন্দোলন-সংগ্রামে ছিল তার সক্রিয় উপস্থিতি।
২০২৩ সালে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে তার পিএস একে আজাদসহ একটি প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে একটি বিশেষ বাহিনী গুম করে। তার ব্যক্তিগত ড্রাইভার অলৌকিকভাবে রক্ষা পেয়ে বিষয়টি ফাঁস করলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।
দলীয় ও আন্তর্জাতিক মহলের চাপ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে তাকে অবশেষে মুক্তি দেওয়া হয়। গুম অবস্থায় তার শরীরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের ফলে হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে লন্ডনে পাঠানো হয়।
২০২০ সালের করোনা মহামারির সময় নাইজেরিয়ার প্রাদেশিক গভর্নর আবিউলা আজিমুবি করোনায় আক্রান্ত হলে কবীর আহমেদ ভূঁইয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এসকেএফ ও বেক্সিমকোর উৎপাদিত রেমডিসিভির সরবরাহ করেন।
ওই সময় নাইজেরীয় সরকার একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে পাঠায়, যার মাধ্যমে কবীর আহমেদ ভূঁইয়ার নিকট থেকে ওষুধ, পিপিই ও মাস্ক সংগ্রহ করা হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিং করে এবং জাতীয় দৈনিকসহ আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি গুরুত্বসহকারে প্রচারিত হয়।
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, কঙ্গোসহ একাধিক আফ্রিকান দেশের রাষ্ট্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন। ইউরোপের ইউ কে, আয়ারল্যান্ড, এস্তোনিয়াসহ বিভিন্ন দেশের সরকারি মহলেও রয়েছে তার পরিচিতি ও সুসম্পর্ক। তাছাড়া জাতিসংঘে কর্মরত বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার কর্মীদের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।
এই সম্পর্কগুলোর মাধ্যমে তিনি বিএনপির অবস্থান, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মহলে তুলে ধরেন। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকদের কাছে তিনি দলের বার্তা পৌঁছে দিতে নিরলস কাজ করছেন।
জুলাই-আগস্ট ২০২৪ এর আন্দোলন চলাকালে কবীর আহমেদ ভূঁইয়া জাতিসংঘের সেক্রেটারিয়েটের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে দেশের আন্দোলনের তথ্য অবহিত করেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয় এ বিষয়ে অবগত আছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি নিয়ে সম্প্রতি যে অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হয়েছে, সেখানে সরাসরি বিরোধিতায় না গিয়ে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। দলীয় ঐক্য রক্ষার স্বার্থে মনোনয়ন প্রতিযোগিতা থেকেও নিজেকে এক পর্যায়ে সরিয়ে রাখেন। তার এই ধৈর্য ও সহনশীলতা নেতাকর্মীদের কাছে প্রশংসিত হয়েছে।
আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে তিনি ভূঁইয়া গ্রুপ ইউকে লিমিটেড, ভূঁইয়া রিয়েল এস্টেট ইউকে লিমিটেড ও ভূঁইয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। ফ্রান্সভিত্তিক স্বদেশ ফুডসের মাধ্যমে ইউরোপে প্রায় ১৫০০ ধরনের খাদ্যপণ্য বাজারজাত করছেন।
তিনি লন্ডন চেম্বার অব কমার্স, ঢাকা চেম্বার অব কমার্স ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্স-এর সক্রিয় সদস্য। এছাড়া, তার প্রতিষ্ঠিত ভূঁইয়া ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা দিয়ে থাকে।
রাজপথে সাহসী, নেতৃত্ব তৈরিতে নিবেদিত, আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় এবং মানবসেবায় অগ্রণী—এমন প্রার্থী কেবল কসবা-আখাউড়া নয়, বিএনপির গৌরবও। তাই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ওয়ার্ডেই এখন উচ্চারিত হচ্ছে একটি নাম—“আমাদের নেতা, কবীর ভাই।”





