দলে দলে গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ!


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- এ যেন কোন যুদ্ধের ময়দান। হঠাৎ যুদ্ধবিরতির সংবাদে কাঁথা-বালিশ, ঘটিবাটি গুটিয়ে নিয়ে গ্রাম ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছে মানুষ। মঙ্গলবার সকালে মাইক দিয়ে ডেকে ৪টি গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিনের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এরই জের ধরে আজ আবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলামের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
এলাকাবাসী জানায়, বাগধুনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৬ মাস আগে দুই গ্রামের মধ্যে মারামারি হলেও স্থানীয় ভাবে মিমাংসা হয়। এরপর গত সোমবার বাগধুনাইল গ্রামের নিজুবর নামের একজন কৃষক নিজের জমির ধান কাটতে গেলে কলিয়ার চর গ্রামের লোকজন মারধর করে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার (১৯ মে) বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলিয়ার চর গ্রামের মানুষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগধুনাইল, করশালিকা এবং রূপবাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ারচর গ্রামের সাথে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ চলাকালেই নজরুল প্রামাণিক নামের একজন কৃষক নিহত হন। এতে আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নজরুল প্রামাণিকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া দিলে কলিয়ার চর গ্রামের মানুষ পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক হলে দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে কলিয়ার চর গ্রামের নারী-পুরুষ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজ করছে।





