খুলনা জেলা প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ উদযাপন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৪ এপ্রিল পহেলা বৈশাখ,১৪৩২ সন সোমবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে খুলনা জেলার সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসন খুলনার আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়। আজকের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী লোকজ মেলা।
সকাল ৮টাই খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ হতে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” শুরু হয় এবং এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। খুলনা জেলার মান্যবর বিভাগীয় কমিশনার এবং বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় এর উপস্থিতিতে শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,শিক্ষক-শিক্ষার্থীসহ খুলনা অঞ্চলের সকল জাতিগোষ্ঠী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) জনাব দেবপ্রসাদ পাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম, পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ,খুলনা অঞ্চলের সকল জাতিগোষ্ঠী,সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে “বর্ষবরণ ১৪৩২” উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে শহিদ হাদিস পার্কে দিনব্যাপী লোকজ মেলা আয়োজন করা হয়।





