কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নিহত হয়েছেন। একই ঘটনায় মিজানুর রহমান নামের (২৭) আরো এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে নিহত নয়ন, রনি ও আহত মিজান কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। এরা সকলে কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজে কর্মরত ছিলেন।
এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, খোজ নিয়ে জানতে পেরেছি সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটর সাইকেলে নয়ন, রনি ও মিজানুর তাদের কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজে যাওয়ার সময় পথিমধ্যে বটতৈল এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।



