আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার, সংস্কারের


শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবীতে গণসংলাপ অনুষ্ঠিত। গণসংলাপে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচার সরকার মানুষের মধ্যে বিভাজন করে শাষন করার যে ব্যবস্থা কায়েম করে রেখেছিল সে ব্যবস্থা ভেঙ্গে জবাবদিহীমূলক ব্যবস্থা প্রতিষ্ঠাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
৭২ সালের সংবিধান জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি হবে শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্য মুল্য, গণতান্ত্রিক শ্রম আইন। ক্ষমতা জবাবদিহীতার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে লুটপাঠ বন্ধ সম্ভব হবে। আমরা যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে গণঅভ্যুত্থান বিজয়ী হয়েছে সেই বিজয়ী বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও এই সংগ্রামে আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং গণহত্যকারীদের বিচারের সম্পন্ন করা এগুলোই হচ্ছে রাজনৈতিক অগ্রাধিকার। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান দেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছে এই স্বপ্নকে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদ পতনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল তাকে ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।
দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, সমস্ত অংশীজনকে নিয়ে আগামী বাংলাদেশের সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে হবে। নির্বাচন ও সংস্কার কোনটি আগে কোনটি পরে বিতর্কের অবসান ঘটিয়ে আগামী নির্বাচনকে সংস্কারের জন্য নির্বাচন হিসেবে গ্রহণ করতে এবং নির্বাচনের আগেই সংস্কার বিষয়ক জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে তাকে একটি আইনি বাধ্যবাধকতায় পরিণত করতে হবে। এই কর্তব্য পালন করতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর দুনিয়ায় বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন এর এক নতুন ইতিহাস লিখতে পারবে।
গণসংলাপে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার জ্যোতিমর্য় বড়ুয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি সৈয়দ মামুন মাহবুব, দলের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, তরিকুল সুজন, উন্নয়ন কর্মী বরকত উল্লাহ মারুফ, শিল্পী বিথি ঘোষ, গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় সহসভাপ্রধান অঞ্জন দাস, নারী সংহতির কেন্দ্রীয় সমাজকল্যান সম্পাদক পপী রানি সরকার, উত্তরা ২৪ এর সংগঠক সামিয়া রহমান, হাইকোর্টের এ্যাডভোকেট হানিফাসহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় দুই পর্বে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান।





