রাজনীতি

কথিত ফেসবুক পোস্ট নিয়ে জোনায়েদ সাকির বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করুন

আজ ০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেন, শেখ মাসুদ নামে জনৈক ব্যক্তি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকিকে জড়িয়ে তার ফেসবুক পোস্টে গত ৫ আগস্ট বঙ্গভবনে তিন ছাত্রনেতাকে আনার বিষয়ে যে ভাষ্য প্রদান করেছেন তা সর্বৈব অসত্য। ঐদিনের ঘটনার বর্ণনায় বঙ্গভবনের দরবার হল থেকে জোনায়েদ সাকি’র বারবার বের হওয়া ও সামরিক কর্মকর্তাদের দিয়ে তিনজন সদস্যকে ভেতরে নিয়ে আসার বিষয়ে যা বলেছেন তা একেবারেই তার কল্পনাপ্রসূত।

আবুল হাসান রুবেল বলেন, সেদিন জোনায়েদ সাকি গণতন্ত্র মঞ্চের ৩ নেতা যথাক্রমে ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন যারা বঙ্গভবনের বাইরে অপেক্ষা করছিলেন তাদেরকে নিয়ে আসার জন্য কর্তব্যরত সামরিক কর্মকর্তাদের বারবার তাগাদা দিচ্ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

কিন্তু প্রকৃতপক্ষে যে তিন ছাত্রনেতা বঙ্গভবনে উপস্থিত হয়েছিলেন তাদের সাথে জোনায়েদ সাকি’র যোগাযোগের কোন সূত্রই ছিলো না এবং তাদেরকে দরবার হলে নিয়ে আসার কোনো প্রশ্নই উঠে না। তারা কার মাধ্যমে দরবার হলে প্রবেশ করেছিলেন সে বিষয়ে জোনায়েদ সাকি কিছুই জানতেন না। ইতিমধ্যে সেই তিন ছাত্র তাদের নিজস্ব ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে- তারা সেদিন নিজেদের মতো করে দরবার হলে ঢুকেছিলেন।

কাজেই বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এই ধরনের অসঠিক পদ্ধতির সংবাদ পরিবেশন ভীষণভাবে অনভিপ্রেত। আর সাথে সাথে এটাও বলা প্রয়োজন, দীর্ঘ কয়েকদশকে বাংলাদেশে প্রতিষ্ঠিত ও পরীক্ষিত একজন জাতীয় নেতা জোনায়েদ সাকি বিষয়ে ফেসবুকের একজন ব্যক্তির এমন আপত্তিকর পোস্ট ধরে সংবাদ পরিবেশন অত্যন্ত অযৌক্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ হতে পারে না।

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরতন্ত্রের উচ্ছেদ তথা জনগণের মুক্তির লড়াইয়ে একটি অনন্য মাইলফলক। আমরা এই গণঅভ্যুত্থানের জন-আকাঙক্ষাকে নষ্ট করার ষড়যন্ত্রে পা না দিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাই।

এই বিভাগের আরও সংবাদ