‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই সিভিল সার্জন এবার বাধ্যতামূলক অবসরে


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: জয় বাংলা’ শ্লোগান দেয়া বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির এক দিন পরেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার তাঁকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এর এক দিন না যেতেই সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এ এম আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেহেতু বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের (স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ সিভিল সার্জন সরকারি একটি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিল সরকার।





