বাগেরহাট

বাগেরহাটে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মহা অষ্টমীর মহাপ্রাণ হলো কুমারী পূজা। প্রতিবারের মতো বাগেরহাটের রামকৃষ্ণ আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বর্ণিল ধর্মীয় আবহে, আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।

শুক্রবার (১১ অক্টোবর) মহাষ্টমীর সকালে বাগেরহাটের রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

কুমারী পূজা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবীর উপস্থিতি দেখতেন। এ কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পূজার ব্যবস্থা করেন।

পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যে বাগেরহাটে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। শাঁখের ধ্বনি আর ঢাকের বাদ্যতে ভক্তদের পদচারণায় আজ মুখর ছিল শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর পূজামণ্ডপ। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে মণ্ডপগুলোতে ছিল লোকে লোকারণ্য। প্রতিটি মণ্ডপে প্রশাসনের কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে চলছে পূজা অর্চনা।

পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অধিকাংশ মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও।

বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় রয়েছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করেন।

তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ