নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু


মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) রাতে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর ৩ দিন আগে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
নিহত কল্পনা রানী রায় জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘ ঘটনার দিন গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলের দিকে অফিসের কাজে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিনি। পথে ডোমার উপজেলার সোনারায়ের ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা সেখান থেকে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।’
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





