রং-তুলিতে ব্যস্ত সময় পার করছে দুর্গাপুরের প্রতিমা শিল্পীরা

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।পূজার দিন ঘনিয়ে আসায় নেত্রকোনার দুর্গাপুরের প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে । দিন রাত তারা প্রতিমা তৈরিতে সময় ব্যয় করে চলছে শেষ সময়ের রং আর প্রতিমার সাজসজ্জার কাজে।
গত ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী দূর্গার আগমনী বার্তা প্রচারিত হয়েছে মর্ত্যলোকে। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দূর্গাকে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেবীর ভক্তকুল।
শুক্রবার দুপুরে পৌর শহরের দশভূজা মন্দিরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা । যেন দম ফেলার ফুসরত নেই।শিল্পীর রংতুলির ছোঁয়ায় প্রতিটি প্রতিমা জেগে উঠছে স্ব-মহিমায়। তুলির শৈল্পিক আঁচড়ে ফুটে উঠছে মা দূর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও মহিষাসুরের প্রতিমা।
দশভুজা বাড়ি মন্দিরের প্রতিমাশিল্পী নারায়ন চন্দ্র পাল জানান, আমি দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির কাজ করছি। মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করেছি। এখন প্রতিমা রং ও সাজসজ্জার কাজ করছি। এ বছর ৯টি প্রতিমা তৈরির কাজ করছি।
প্রতিমা শিল্পী হৃদয় পাল বলেন, পূজার সময় ঘনিয়ে আসায় আমরা দিন রাত কাজ করছি। রঙের কাজও শেষ পর্যায়ে। এরপর প্রতিমাগুলোকে অলংকার দিয়ে সাজানোর কাজ করবো। আশা করছি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সকল প্রতিমা তৈরীর কাজ।
সনাতন ধর্মাবলম্বী দিবস সাহা জানান, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই চার ছেলেমেয়েকে নিয়ে এবার দোলায় করে বাবার বাড়ি মর্ত্যলোকে আসবেন দেবী দূর্গা, আর কৈলাশে ফিরে যাবেন গজে।দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটবে এটাই আমাদের প্রার্থনা।
দূর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা জানান, এ বছর দুর্গাপুর উপজেলায় ৬৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মত বিনিময় হয়েছে । পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে । আশা করি দুর্গাপুর উপজেলায় সুন্দরভাবে পূজা উদযাপন হবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলান জানান, পূজায় নিরাপত্তা জোরদার করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ দিন-রাত সার্বক্ষণিক কাজ করবে৷
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, পূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম থাকবে।
ধর্মীয় পঞ্জিকা মতে এ বছর আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাঅষ্টমী, ১২ অক্টোবর মহানবমী ও ১২ অক্টোবর মহাদশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।





