ঝিনাইদহ

শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মানিক ঘোষ, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: সম্প্রতি মাধ্যমিক শিক্ষা বিভাগের মহা-পরিচালকের কার্যালয়ে শিক্ষকদের ওপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা।

বুধবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন করেন তারা। একইসঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

মানববন্ধনে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের। কিন্তু সেসিপ প্রকল্প থেকে রাজস্ব হওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা মহাপরিচালককে বাধ্য করছে তাদের জেলা শিক্ষা অফিসার করতে।

এ বিষয় নিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহাপরিচালকের কার্যালয়ে গেলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা।

তারা বলেন, সারা বাংলাদেশে শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি চলছে। শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিধি বহির্ভূত সেসিপ প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ দেয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। না হয় সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়বে। শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানিক ঘোষ

এই বিভাগের আরও সংবাদ