খুলনা

খুলনায় অপহরণ মামলার নারী ভিকটিম উদ্ধার; অপহরণকারী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :গত ২১ আগস্ট দুপুর ০২ টা ৩০ হতে ০৬ টা ৩০ মিনিটের মধ্যে খুলনা থানাধীন আহসান আহম্মেদ রোডস্থ “ফিজিক্স ল্যাব” নামক কোচিং সেন্টারের সামনে থেকে অপহরণকারী কাজল মোড়ল আকাশ (২৩) সহ কতিপয় ব্যক্তির যোগসাজসে এক নারী ভিকটিম (১৫) কে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন পূর্বক প্রাইভেট কার যোগে জোরপূর্বক অপহরণ করে।

এ সংক্রান্তে ভিকটিমের পিতা মোঃ মিজানুর রহমান এজাহার দায়ের করলে খুলনা থানার মামলা নং-১৫, তারিখ-২৭/০৮/২০২৪ , ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ রুজু পূর্বক এসআই(নিঃ) এইচ এম শহিদুল ইসলামের নিকট অর্পণ করা হয়। এর ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার একটি টিম নিয়ে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অপহরণকারীর অবস্থান শনাক্ত করেন।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর বেলায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় র‌্যাব-১৪ এর সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতঃ অপহরণকারী ১) কাজল মোড়ল আকাশ (২৩), পিতা-মৃত: জাহিদ মোড়ল, সাং-রাখালগাছি (সুগ্রাম), থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করা হয়।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপহরণকারী কাজল মোড়ল আকাশকে যথাযথ পুলিশ স্কোয়াডে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। খুলনা থানা কর্তৃক ভিকটিম উদ্ধার হওয়ায় তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ভিকটিম অপহরণের ঘটনায় জড়িত অন্যান্য অপহরণকারীদের গ্রেফতারের অভিযান, তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ