পঞ্চগড়

অদেখা ১৩ মাস, সীমান্তে ভালোবাসা’র জয়!

আল মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি:  ভালোবাসা কোনো সীমান্ত মানে না, আর এই গল্প সেই কথারই সাক্ষ্য দেয়। এক তরুণীকে তার বাবার বাড়ির লোকেরা গোপনে ভারতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেল যখন তার স্বামী সীমান্তে এসে ঢাল হয়ে দাঁড়ালেন।

এই প্রেমকাহিনীর শুরু রংপুর কারমাইকেল কলেজ মাঠে। ঠাকুরগাঁও জেলার চন্ডিপুর এলাকার তরুণী তনুশ্রী দাসের সঙ্গে দেখা হয় রংপুর জেলার দর্শনা এলাকার কবির হোসেনের। সেই প্রথম দেখাতেই মন দেয়া-নেয়া। ফোন নম্বর বিনিময়ের পর শুরু হয় নিয়মিত কথোপকথন, যা ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরিণামে ভালোবাসায় রূপ নেয়। ৯ মাসের এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে তনুশ্রী, ইসলাম ধর্ম গ্রহণ করে, নাম পরিবর্তন করে রাখেন সিদ্রাতুল মুনতাহা। গত বছরের ৫ জুন তারা ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এই বিভাগের আরও সংবাদ

তবে তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। কিছুদিন সংসার করার পর তনুশ্রীর পরিবার তাকে ঠাকুরগাঁওয়ে তুলে নিয়ে যায় এবং স্বামী কবিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে। সেই মামলায় কবিরকে একদিনের জন্য জেলও খাটতে হয়। আদালতে তরুণীর জবানবন্দীর মাধ্যমে কবির মুক্তি পান, কিন্তু এরপরই তরুণীকে তার পরিবার জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে আটক রাখে।

স্বামী কবির হোসেন তার স্ত্রীকে খুঁজতে দেশের বিভিন্ন স্থানে ঘুরেছেন, কিন্তু কোথাও তার হদিস পাননি। অবশেষে গত ১৭ আগস্ট শনিবার গোপন সূত্রে জানতে পারেন যে, তার স্ত্রীকে তার বাবা-মা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাবেন। এই খবর পাওয়ার পরপরই কবির ছুটে যান পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে অবহিত করেন।

১৮ আগস্ট দুপুরে তরুণীর বাবা-মা তাকে নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিজিবি চেকপোস্টে পৌঁছালে কবির সেখানে বাধা হয়ে দাঁড়ান। তিনি তাদের বিয়ের সমস্ত ডকুমেন্টস দেখান এবং জানান যে তার স্ত্রী তার সঙ্গেই থাকতে চায়। তরুণীও বিজিবির কাছে তার স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন। তরুণীর বাবা-মায়ের সামনেই বিজিবি কবিরের কাছে তার স্ত্রীকে তুলে দেন।

কবির হোসেন জানান, “আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম। কয়েকদিন সংসারও করেছি। কিন্তু হঠাৎ আমার স্ত্রীর বাড়ির লোকজন আমাদের তুলে ঠাকুরগাঁয়ে নিয়ে রাখে এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আমি একদিন জেলও খেটেছি। তবে এতদিন আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়ির লোকজন আটকে রেখেছিল। গতকাল যখন শুনলাম আমার স্ত্রীকে তার অমতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি দ্রুত ব্যবস্থা নিই এবং আমাদের বিয়ের যাবতীয় কাগজপত্র উপস্থাপন করি। পরে বিজিবি সহযোগিতায় আমি আমার স্ত্রীকে ফিরে পাই।”

কবিরের প্রতিবেশী মারুফ হাসান বলেন, “তারা দুজন ভালবেসে ঘর বেঁধেছিল। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন মেনে নিচ্ছিলো না। আজকে ভারতে কবিরের স্ত্রীকে নিয়ে যাচ্ছিল তার শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু কবিরের উদ্যোগে এবং প্রশাসনের সহায়তায় তার স্ত্রীকে ফিরে পায় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে।”

এই গল্প প্রেমের নতুন উদাহরণ সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মাঝে এক বিশেষ সাড়া ফেলেছে।

এই বিভাগের আরও সংবাদ