রাজনীতি

ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না : বিএনপি মহাসচিব

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে। একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ১নং গেটে অবস্থান করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবারো ‘ঝামেলা’ করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না। সুতরাং এখনো সময় আছে আপনারা আর ঝামেলা কইরেন না।

ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। এ ছাড়া বিকালে নিউমার্কেট, ধানমণ্ডি, ও হাজারীবাগ থানা বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি করেছেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। কর্মসূচি শেষে শান্তির পদযাত্রা বের করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে কলাবাগান, পান্থপথ মোড়, ধানমণ্ডি ৩২ ও ২৭ হয়ে শংকর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তায়ালার বিচার বড় নির্মম. ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী।

এই বিভাগের আরও সংবাদ

শেষ মুহূর্ত পর্যন্ত তার (শেখ হাসিনার) মুখ দিয়ে প্রতিশোধে জিঘাংসা স্পষ্ট হয়েছিল। আল্লাহর কি হুকুম দেখেন, সেই তাকেই পালিয়ে যেতে হলো, আবার সেই জায়গায় সেখানে তার গোড়া পোঁতা আছে। আমি সেজন্য আওয়ামী লীগারদের বলছি যে, এখনো সময় আছে আপনারা আর ঝামেলা কইরেন না। ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। তিনি বলেন, ১৫ই আগস্ট তো চেষ্টা করেছিলেন যে, আপনারা যাবেন, ৩২নং এ গিয়ে ফুল দেবেন। কারও তো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তা হতে দেননি, হতে দেননি কেন, এই মানুষটাকে কেউ দেখতে চায় না। খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না।

এক হাসিনা সারা বাংলাদেশে যত আওয়ামী লীগার ছিল তারা ক্ষুদে হাসিনা তৈরি হয়েছে, সারা দেশে অত্যাচার-নির্যাতন চালিয়েছে তারা। ছাত্র-জনতার বিপ্লবকে সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, আজকের সমাবেশের ব্যানারে লেখা আছে, এই যে গণহত্যা, হাসিনা যে খুনি ও তার দোসরদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তায়ালা করছে, আরও করবে। আমরা বিচার চাই এই সরকারের কাছে, যারা অন্তর্বর্তীকালীন সরকার যাদের ওপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে এনে নির্বাচন দেবে, একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেবে- সেই নির্বাচনের মধ্যদিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে। আমরা সেটাই চাই। তিনি বলেন, আমরা চাই, নির্বাচনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময়ও দিতে চাই।

একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। মির্জা ফখরুল বলেন, নতুন নতুন কৌশল ওরা আবিষ্কার করে। এখন নতুন একটা ধুয়া তুলেছে সেই ষড়যন্ত্রকারীরা। সেটা কি? সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) খুব সুন্দর করে বলেছেন যে, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ আমরা সবাই মিলে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি।

সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায়কে তারা আলাদা করে দেখতে চায়, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই এক নাগরিক। তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, ভালোয় ভালোয় এসব ঝামেল ষড়যন্ত্র না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছে, এদিক-ওদিক করছেন। জানেন তো ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। আমাদের নেতাকর্মীদের কোর্টে এভাবে নেয়া হয়েছিল এবং তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এদের বিচার করতে হবে। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। অর্থাৎ যে অপরাধ করেছেন, যে ক্রাইম করেছেন, গণহত্যা করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন তার বিচার আন্তর্জাতিক আইনে হতে হবে।

ফখরুল বলেন, এই সরকারকে আমরা সাহায্য করবো। এটা ছাত্র-জনতার সরকার, ছাত্র-জনতার আন্দোলনের ফসল আমরা তাদেরকে সহযোগিতা দেবো যতক্ষণ না পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, গণতান্ত্রিকভাবে তারা ক্ষমতা হস্তান্তর করবে। মির্জা ফখরুলের সভাপতিত্বে ও বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, যুবদলের নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রশীদ হাবিব, ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ