পাবনায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা


গণহত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের শান্তিপূর্ণ গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়।
শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পাবনায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা
এ সময় শিক্ষার্থীদের ‘‘স্বৈরাচারীর গদিতে, আগুন লাগাও একসাথে’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন পুলিশ, বিজিবি, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করতে দেখা যায়। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে কথা বলে নেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন তারা।
পাবনায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা
পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে চলে যান শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছেন। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছে। পরিস্থিতি এখন শান্ত।’





