অভিনব ৪ কৌশলে কমলা হ্যারিসকে ঘায়েলের চেষ্টায় ট্রাম্প


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের উত্থানে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রিপাবলিকান শিবির। তবে সেটা দ্রুত সামলে ওঠার চেষ্টায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল। এরই মধ্যে নতুন ছক কষে ফেলেছেন তারা। চারটি ইস্যু টার্গেট করে কমলাকে ঘায়েলের পরিকল্পনা করেছে তারা। খবর বিবিসি।
তবে কমলাকে প্রার্থী ধরে নিয়েই কৌশল সাজাচ্ছে রিপাবলিকান পার্টি। অনমনীয় বাইডেনের হঠাৎ পিছুটানে সামনে চলে আসেন কমলা হ্যারিস, যা কিছুটা অপ্রস্তুত করে দেয় রিপাবলিকানদের। কমলার প্রতি বাড়তে থাকে জনসমর্থনও। তবে ট্রাম্পের প্রচারণা দল তার এই উত্থানকে ‘হানিমুন পিরিয়ড’ বা ‘ক্ষণস্থায়ী সুসময়’ হিসেবেই দেখছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কমলা হ্যারিসকে ঘায়েল করতে চারটি ইস্যুকে টার্গেট করছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে কমলাকে কট্টর বামপন্থী ট্যাগ লাগানো।
সম্প্রতি এক ভিডিওতে এটি সরাসরিই বলেছেন ট্রাম্প। সামনের দিনগুলোতে নানা যুক্তি দিয়ে এটি প্রতিষ্ঠা করতে চাইবেন তিনি। উদাহরণ হিসেবে সামনে আনতে পারেন ট্রাম্পের শাসনামলে ২০১৯ সালে বিভিন্ন আন্দোলনে কমলা হ্যারিসের যোগসূত্র। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর তহবিল কমিয়ে অন্য খাতে ব্যয়ের দাবি জানিয়েছিলেন তিনি। অভিবাসীদের প্রবেশাধিকার ও সীমান্তে কড়াকড়ি নিয়েও প্রশ্ন তুলেছিলেন কমলা।
বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কমলা। তাই বাইডেনের ব্যর্থতার দায় তার ঘাড়ে চাপানো হতে পারে। অভিবাসন নীতি, মূল্যস্ফীতি ও গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ইস্যুতে জনপ্রিয়তা হারান বাইডেন। বাইডেনের সহকারী হিসেবে এসব ইস্যুতে তাকে নাজেহালের চেষ্টা করবে ট্রাম্প শিবির।
আইনজীবী হিসেবে কমলার হ্যারিসের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা নেয়া হয়েছে। অভিযোগ করা হবে, কৃষ্ণাঙ্গদের ওপর বেশি কঠোর ছিলেন কমলা। এ ছাড়া যেসব অপরাধীকে তিনি কারামুক্ত করতে পেরেছিলেন পরবর্তীতে তারা বড় অপরাধে জড়িয়ে পড়েছেন।
আর সবচেয়ে বড় আঘাত হানা হবে তার ব্যক্তিত্বের প্রতি। বলা হবে, কমলা হ্যারিসের কোনো নিজস্বতা নেই। এতদিন বাইডেনের ছায়া হয়ে ছিলেন তিনি। এসব অভিযোগের পাল্টা জবাব দিতে এবং ট্রাম্পকে ঘায়েলে প্রচারণায় খুব কমই সময় পাবেন ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ।





