নেত্রকোনা

উজানের পাহাড়ি ঢলে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো বেড়েছে নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর পানি। সোমবার সকাল থেকেই জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর জিরো পয়েন্ট দিয়ে পানি আসতে শুরু করে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

মূলত ভারতের মেঘালয়ের অঞ্চলে বারী থেকে অতিবাহিত বৃষ্টির ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে বলে জানান তারা।

স্থানীয়রা বলছেন,সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভবনা আছে। তাই আতঙ্কে রয়েছেন তাঁরা।

এদিকে নদীতে পানি বাড়ায় দুর্গাপুর-শিবগঞ্জ,বিরিশিরি-শিবগঞ্জ, চৈতাটি-গাঁওকান্দিয়া ঘাটে নদীতে স্রোত থাকায় নৌকা নিয়ে দুইপারে পারাপারে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিলচালিত নৌকা দিয়ে পার হচ্ছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৪.০৯ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ১.৪০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিম্নাঞ্চল ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান,সোমেশ্বরী নদীর ধরনটাই এই রকম।হঠাৎ পানি বেড়ে যায়। তবে বর্তমানে নদীতে যেভাবে পানি বাড়ছে এর ফলে তাঁদের নিচু এলাকায় পানি ঢুকে বন্যার আশঙ্কা রয়েছে।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন,আমরা পর্যবেক্ষনে রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে।

এই বিভাগের আরও সংবাদ