খুলনা

খুলনায় ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর হরিণটানা থানার পিঁপড়ামারি এলাকায় দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৫ জুন শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উক্ত ঘটনার চার দিন আগে সাথী আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় ‘’আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু স্বাদ জাগে’’।

নিহত সাথী আক্তার খুলনা মহানগরীর হরিণটানা থানার ঠিকরাবাদ পিপড়ামারী এলাকার বালু ব্যবসায়ী ইউসুফ শেখের বড় মেয়ে। সে খুলনা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও সাথীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায, সাথী আক্তারের সঙ্গে দেড় বছর আগে স্থানীয় একটি এনজিও’র হিসাবরক্ষক রাজ বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সস্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে শনিবার রাত ১২টার দিকে রাজ বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার পর সাথী নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১৫ জুন রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ ১৬ জুন রবিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ বাড়িতে নিয়ে গেলে সাথীর বাবা ইউসুফ শেখ ও মা কুলসুম বেগমসহ পরিবারের সদস্য এবং সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। এছাড়া এলাকার অসংখ্য মানুষ তাদের বাড়িতে ভিড় করেন। বিকেলে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

হরিণটানা থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় সাথীর বাবা বাদী হয়ে রবিবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ