সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ২৭ তম মুত্যু বার্ষিকী আজ


আল মাহমুদ দোলন,পঞ্চগড় থেকে : আজ রবিবার ২ জুন বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দিনাজপুর জেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি,মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধ চলকালীন ৬/ক সেক্টরের বেসামরিক উপদেষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সহকর্মী, জাতীয় সংসদের চার বারের নির্বাচিত সংসদ সদস্য, উত্তরবঙ্গের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, দুঃসময়ের আওয়ামী লীগের কান্ডারি সাবেক রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড়-২ বোদা-দেবীগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আলহাজ্ব মো. নূরুল ইসলাম সুজনের বড় ভাই প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর ২৭ তম মুত্যু বার্ষিকী।
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চল্লিশ দশকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে ছিলেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সময়ে প্রত্যক্ষ সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ৫২ এর ভাষা আন্দোলন ৬২’র শিক্ষা আন্দোলন. ৬৬ ছয় দফা এবং সর্বোপরি ৭১ এর মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছাত্রলীগের বৃহত্তর দিনাজপুর জেলার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একাধারে রাজশাহী বিভাগীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ডাকসুর সহ-সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন।
১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে পঞ্চগড় থেকে নির্বাচিত হন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তেঁতুলিয়াকে মুক্তাঞ্চলের তীর্থভূমি হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করান।
বঙ্গবন্ধুর ২য় বিপ্লব কর্মসূচীর ডাকে সাড়া দিয়ে বাকশালের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মনোনিত হন। এ ছাড়াও তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯৭ সালে ২জুন মৃত্যুকালীন পর্যন্ত পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে শেখ হাসিনার কর্মসূচী বাস্তবায়নে নিয়োজিত ছিলেন।
একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে তাঁর নামে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, সাবেক পুঠিমারী ছিটমহলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর ও নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। এছাড়াও ময়দানদিঘী থেকে বটতলি পর্যন্ত সড়কটির নামকরণ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামে নামকরণ করা হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী পালনে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ,বোদা উপজেলা আওয়ামী লীগ,জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং পারিবারিক ভাবে দোয়া মাহফিল,আলোচনা সভা,স্মরণ সভা,প্রয়াত নেতার কবর জিয়ারত,শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হবে বলে আওয়ামী লীগের একটি সুত্রে জানাযায়।





