চিতলমারীতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: সারাদেশে চলমান তীব্র দাবদাহের মধ্যে পথচারী ও শ্রমজীবী কৃষকদের মাঝে সপ্তাহ ব্যাপী স্যালাইনসহ বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে বাগেরহাটের চিতলমারীর স্বপ্নপূরণ কৃষি কল্যাণ সমবায় সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ। একই সাথে প্রতিদিন শত শত পথচারীর ক্লান্তি দূর করতে সংগঠনের পক্ষ থেকে তরমুজ, বিস্কুট, টোস্ট ও লেবুর সরবতও বিতরণ করা হচ্ছে।
উপজেলার টেকের বাজার সংলগ্ন স্বপ্নপূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সামনের রাস্তায় গত ৬ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির সদস্য ও স্বেচ্ছাসেবীগণ নিরলসভাবে এ সেবামূলক কাজ করে যাচ্ছেন। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়ত করা শত শত ক্লান্ত পথিক, ভ্যান চালক, ইজিবাইক চালকসহ সব শ্রেণি পেশার মানুষ এখান থেকে জলযোগ গ্রহণ করে তৃষ্ণা ও ক্লান্তি দূর করছেন। বিশেষ করে চলমান বোরো মৌসুমী ধান কাটা ও বহন করার কাজে নিয়োজিত শ্রমজীবী কৃষকরা চলার পথে এখান থেকে বিশুদ্ধ খাবার পানি, সরবত, স্যালাইন ও তরমুজ খেয়ে ক্লান্তি দূর করছেন। বিনামূল্যে এ ধরণের জনকল্যাণ মূলক ব্যতিক্রম কাজ করে এলাকার সব মহলের প্রসংশা কুড়াচ্ছেন সংগঠন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্বপ্নপূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি সুধাংশু শেখর সদাই বলেন, তীব্র তাপদাহের শুরু থেকে তিনি ব্যক্তি উদ্যোগে পথচারী ও শ্রমজীবীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইনসহ বিভিন্ন ধরণের খাবার ও লেবুর সরবত বিতরণ করে আসছেন। তিনি আরো জানান, আরো যে কয়েক দিন এই তাপপ্রবাহ থাকবে তিনি এই কর্মকান্ড চালিয়ে যাবেন।





