কমলনগরে চুরি হওয়া শিশু ওহি ৪ দিন পর উদ্ধার


কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চুরি হওয়ার ৪দিন পর শিশু ওহিকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার উপকূল ডিগ্রি কলেজের পাশের একটি কাঁচা সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, রোববার রাতে কমলনগর উপজেলার উপকূল ডিগ্রি কলেজ এলাকার একটি কাঁচা সড়কে শিশুটিকে একটি কম্বল মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় এক পথচারী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রাতেই এক স্বজনের মাধ্যমে খবর দিয়ে শিশুর মা মরিয়মকে ডেকে নিয়ে ওহিকে তার কোলে তুলে দেয় পুলিশ।
কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বলেন, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থানার নিকট উপকূল কলেজের পিছন দিয়ে গ্রাম্য চিকিৎসক ইউসুফ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে শিশুটিকে দেখতে পান। তিনি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে রাতেই এক স্বজনের মাধ্যমে খবর দিয়ে শিশুর মা মরিয়মকে ডেকে নিয়ে ওহিকে তার কোলে তুলে দেয় পুলিশ। তবে চুরি করা নারীকে আটক করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পরে শিশুটির মা কমলনগর থানায় একটি জিডি করেন।



