বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করছেঃ হানিফ


কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌছাতে পারেননি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন।
বিএনপি প্রশ্নে হানিফ বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর )বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.ক.ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ব্যবস্থপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। পরে জেলার অসুস্থ ৯জন সাংবাদিককে কল্যান ট্রাষ্টের অনুদানের চেক প্রদান করেন অতিথিরা।
এদিকে বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময়ে অংশ গ্রহণ করেন মাহবুবউল আলম হানিফ।
অন্যদিকে সন্ধা ৬টার দিকে কুষ্টিয়া জিমনাস্টিক ক্লাবে কার্যনির্বাহী পরিষদ এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমীনুর রহমান মোমিজ, সদস্য হাবিবুল হক পুলক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





