বিএনপি নেতাদের মুখে মানবাধিকার লংঘনের অভিযোগ মানায় নাঃ হানিফ


কুষ্টিয়া প্রতিনিধি: ‘১৪ দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে কোন দলের মধ্যেই অসন্তোষ নেই’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, নিয়মিত বৈঠক চলছে, খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে এবং জোটের শরীক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে।
এছাড়াও আসন বন্ঠনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা কোথাও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সেটাও তারা পারবেন। ‘তবে ১৪ দলীয় জোটের প্রার্থীরা তাদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চান না’ এমন প্রশ্নে হানিফ বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে না আছে সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি।
বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
এসময় অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন, এ দেশে গুম খুনের রাজনীতি শুরুই করেছিলো বিএনপি। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে গুম খুনের রাজনীতি শুরু করেন। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের কথা বলে।
হানিফ আরও বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার ঘটনা ছিলো সবচেয়ে বড় মানবাধিকার লংঘন। এই নিষ্ঠুর ঘটনার সাথেও জিয়াউর রহমান জড়িত ছিলো। বিএনপির সময়কালে ২৫ থেকে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো। সেই বিএনপি নেতাদের মুখে গুম-খুন ও মানবাধিকার লংঘনের অভিযোগ মানায় না। এটা হাস্যকর।
পরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এর আগে শহরে কুষ্টিয়া মুক্ত দিবসের র্যালী করে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দেন তারা।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ নেতৃবৃন্দ।





