সারাদেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সারাদেশে এখন নির্বাচনী উৎসব শুরু হয়েছে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। তারা চান শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তাই তারা ধ্বংসাত্মক রাজনীতিকে পরিহার করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাসেল হাসানের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র (সিলেট-১) জমা দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটবাসীর ভালোবাসায় আমি ধন্য। তারা অতীতে আমাকে ভোট দিয়েছেন। আবারও আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। আমি প্রচুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরও অনেক কিছু করার আছে। অনেক প্রকল্পের কাজ চলমান আছে। সেগুলো বাস্তবায়নের জন্য সিলেটবাসী অতীতের মতো আবারও আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
মনোনয়নপত্র জমাদানকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





