রাজনীতি

খালেদার চিকিৎসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা ৩ বিশেষজ্ঞ চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, গতরাতে তারা ঢাকায় পৌঁছেছেন। আজ তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করবেন। এরপর মেডিকেল বোর্ড নিয়ে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকায় আসা এই তিন চিকিৎসক হলেন- যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজির অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অনেকদিন ধরেই তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।

গত ৯ অক্টোবর বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, দেশে চিকিৎসার সব অপশন শেষ হয়ে এসেছে। জরুরিভাবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) দরকার। কিন্তু এ টিপস বাংলাদেশে হয় না। এটা হলে তার বুকে যে পানি আসছে এটা চলে যাবে, রক্তক্ষরণ হবে না।

এই বিভাগের আরও সংবাদ