রাজনীতি

মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগের মামলা চলবে

এক দশক আগের নাশকতার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে বিচারিক আদালতে মির্জা ফখরুলের বিরুদ্ধে এ মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ

আদালতে মির্জা ফখরুলের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে এ আইন কর্মকর্তা বলেন, ‘আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে কোনো বাধা নেই।
’

রাজধানীর পল্টন মডেল থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ৩ সেপ্টেম্বর আদেশ দেন বিচারিক আদালত।

মামলার অন্য আসামিরা হলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, কাজী রেজাউল হক বাবু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের খন্দকার এনামুল হক এনাম ও জামায়াত নেতা মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর রাজধানীর মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে বিএনপি-জামায়াত লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে। অবরোধে দল দুটির ২০০ থেকে ২৫০ নেতাকর্মী অংশ নেয়।

এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে সেখানে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি চালক মো. আয়নাল বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা (ডিবি পুলিশের উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপরই গত ৩ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারিক আদালত।

এই বিভাগের আরও সংবাদ