পাবনা

ঈশ্বরদীতে প্রকাশ্যে দিবালোকে টাকা ছিনতাই

মামুনুর রহমান,পাবনা: ঈশ্বরদী সোনালী ব্যাংকের মূল গেটের সামনে প্রকাশ্যে দিবালোকে অধ্যক্ষ (গ্রাহক) এর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

(সোমবার) ৯ অক্টোবর দুপুরের পরে ঈশ্বরদীর সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে মূল ফটকের সামনে মোটর সাইকেলের পেছন থেকে ছিনতাইকারীরা ৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

ভুক্তভোগী ব্যাংকের গ্রাহক জনাব শহিদুল ইসলাম (৫০) ঈশ্বরদী দাশুরিয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, তার চাকরীর বিগত ৯ মাসের এরিয়া বিলসহ বেতনের ৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে খুঁচরা ৮ হাজার টাকা বাদে (৪ লক্ষ ৮০ হাজার) টাকা ব্যাগের মধ্যে ভরে মোটর সাইকেলের পেছনে বেঁধে সোনালী ব্যাংকের মূল গেট দিয়ে বের হচ্ছিলেন।

এই সময় ভীড়ের মধ্যে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি মোটর সাইকেলের পেছন থেকে ছিনিয়ে নেয়। তিনি ধারনা করছেন ছিনতাইকারীরা ব্যাংকের ভিতর থেকেই তাঁকে অনুসরন করে আসছিল।

সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শমিত সরকার জানান, ছিনতাইয়ের ঘটনাটি ব্যাংকের বাইরের ফটকে ঘটেছে। বিষয়টি জানার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়। তাদের নিকট ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। আশা করি পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হবেন।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর তদন্ত হাসান বাসীর জানান, খবর পেয়ে সোনালী ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজসহ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ