কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জনসভা


কুষ্টিয়া প্রতিনিধি: অথর্ব সিইসিসহ সকল নির্বাচন কমিশনের পদত্যাগ এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে” বাংলাদেশ ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আয়োজন বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার ইসলামী আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী।
জনসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতী সৈয়দ মুহাঃ রেজাউল করীম।
এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আওয়াল।
এসময় অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি ছিলেন, উক্ত সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাঃ আরিফুল ইসলাম, উক্ত সংগঠন যুব আন্দোলনের জেনারেল সেক্রেটারী মুফতী মানসুর আহমদ সাকী। এছাড়াও বক্তব্য রাখেন, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সেক্রেটারী গোলাম তাওহীদ।
জনসভায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ( চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,দিনের ভোট রাতে বাক্সে ভরে আ.লীগ ক্ষমতায় এসেছে। দূর্নীতির মাধ্যমে দেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরী করেছে এই সরকারের নেতারা। এই দেশটা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা বিপন্ন হবে ; আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এইসবের পরিবর্তন আমাদেরকেই করতে হবে।
চরমোনাই পীর আরও বলেন, বৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার নিজেরা নিজেদের মতো সংবিধান তৈরি করেছে, তাদের সুবিধা মতো বানানো সংবিধানে ভোট হবে, এটা আমরা মেনে নিব না। সরকারে থেকেই তারা নির্বাচন করতে চাই। তাদের বানানো সংবিধান আজকে মানুষের অশান্তি তৈরি করছে। তাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই সংবিধান আমরা চাই না। এই অবৈধ সরকার আমরা চাই না, মানি না।
বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরন করে দিনের ভোট রাতে বাক্সের ভিতর ঢুকিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার। অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নিব না। বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ জাতীয় নির্বাচন না দিলে এ দেশের ওলামাদের ঐক্যবদ্ধ থাকতেও আহবান জানান চরমোনাই পীর।





