মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক


আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ই জুলাই শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, আটক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
তথ্য সুত্রে জানা যায়, ঘটনার পর মামলা হলে পলাতক ছিলেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাকিল। প্রথমে তিনি নারায়ণগঞ্জ পালিয়ে গিয়েছিলেন। এরপর বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে সবশেষ শনিবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া আসেন। সেখানে রাতে অবস্থান করে অন্যত্র পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ গজারিয়ায় শাকিলের অবস্থান নিশ্চিত করে। পরে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের ছাদে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী। নির্জন এলাকায় বাড়ি হওয়ার কারনে নিরাপত্তার কথা ভেবে প্রায় রাতে মায়ের সঙ্গে হাসপাতালে থাকতো ধর্ষিতা কিশোরী। মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল ভুক্তভোগী কিশোরী।
এ সময় চার-পাঁচজন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে গেলে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেয় শাকিল। এতে অস্বীকৃতি জানালে একপর্যায় ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে-হিঁচড়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান শাকিল।
উল্লেখ্য, কিশোরী ধর্ষণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্তু কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





