Uncategorized

শ্রীনগরে গাদিঘাট বেহাল রাস্তায় ভোগান্তি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাটে একটি ইট সলিংয়ের বেহাল রাস্তায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। গাদিঘাট বাজার সেতুর পশ্চিম পাশ থেকে আড়িয়াল বিল এলাকার আমবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে দিনদিন নাজুক হয়ে পড়ছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

অপরদিকে আড়িয়াল বিলে উৎপাদিত বিভিন্ন ফসল বাজারজাতকরণে ভালো রাস্তার অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় কৃষকরা। এছাড়া অসুস্থ রোগীকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এ অবস্থায় ইউনিয়নটির ১নং ও ২নং ওয়ার্ডসহ অত্র এলাকার প্রায় ২০ হাজার মানুষ প্রতিনিয়ত পায়ে হেটেই চলাচল করছেন।

এই বিভাগের আরও সংবাদ

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ ও গর্তে ভরপুর। রাস্তার দুপাশ দেবে মাঝখানে উঁচুর সৃষ্টি হয়েছে। রাস্তার অনেকাংশে ইট উঠে গেছে। এতে যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লক্ষ্য করা যায়, আড়িয়াল বিলে ফসলী জমিতে যেতে ও কৃষি উপকরণ আনা নেওয়ার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন। বিলের বির্স্তীণ জমিতে কৃষকের উৎপাদিত বিভিন্ন শাক-সবজি মাথায় করে দীর্ঘপথ পাড়ি দিয়ে দিয়ে স্থানীয় হাটবাজারে আসতে হচ্ছে তাদের।

এলাকাবাসী জানায়, বেহাল রাস্তার ফলে উৎপাদিত বিভিন্ন ফসল বাজারজাতের জন্য অতিরিক্ত শ্রমিক নিতে হচ্ছে। গুনতে হচ্ছে অধিক খরচের টাকা। রাস্তার কাজ হলে আড়িয়াল বিল পাড়ের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। বেহাল রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জন প্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, শ্যামসিদ্ধির ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের সংযোগ রাস্তা এটি। আমার জানামতে ৮ থেকে ১০ বছর আগে রাস্তায় কাজ হয়েছিল। এর পর কাজ না হওয়ার ফলে বেহাল হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের আগামী সাধারণ সভায় রাস্তার সংস্কার কাজের জন্য আমি প্রস্তাব করবো।

এই বিভাগের আরও সংবাদ