রামগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া


পারভেজ হোসাইন: রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আওতাধীন চারটি ইউনিয়ন কমিটি গত (১৩ ডিসেম্বর) মঙ্গলবার, রাত ৯টায় ঘোষণা দিয়েছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হাসান। উপজেলার ৫নং চন্ডিপুর, ৭নং দরবেশপুর, ৯নং ভোলাকোট, ১০নং ভাটরা ইউনিয়নে এই কমিটি দেওয়া হয়। ২০মিনিটের মাথায় জেলা দফতর সম্পাদকের স্বাক্ষরিতে এই চার কমিটি স্থগিত করা হয়।
এদিকে উপজেলার এই চার কমিটি দেওয়ায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কমিটির প্যাডের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনন্দন জানান, অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম তা স্থগিতের প্যাডের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এনিয়ে নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু জানান, জেলা নেতৃবৃন্দের দেওয়া দুটি সিদ্ধান্তই সঠিক। তবে আমরা উপজেলা ছাত্রদল জেলা, উপজেলা ও বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাথে পরামর্শ করেই চারটি ইউনিয়ন কমিটি দিয়েছি। জেলা নেতৃবৃন্দের এমন হুটহাট সিদ্ধান্তে তৃণমূলে ছাত্রদলের কর্মীরা বিব্রত হচ্ছে। আশাকরি এর একটা সুষ্ঠু সমাধান হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, এটা স্থগিত হবে না, কমিটি পূর্বের স্থানে বহাল থাকবে। আমরা রাতের মধ্যেই আমরা পুনরায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা সমাধান করবো।





