মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত কমলনগরের বিস্তীর্ণ জনপদ


মোঃ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে গেলো কয়েক বছরের মতো মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় উপজেলার চর কালকিনি, সাহেবেরহাট, চর মার্টিন, চর ফলকন ও পাটারিরহাট ইউনিয়নে মেঘনা উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়ে কৃষকের খামারের মাছ, ক্ষেতের ফসল, সরকারের উন্নয়নমুলক স্থাপনাসহ রাস্তা-ঘাট, স্কুল ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।
জগবন্ধু গ্রামের বাসিন্দা মাঈন উদ্দিন জানান, ৫নং ওয়ার্ড পরিষদ থেকে উত্তর দিকের রাস্তাটি জোয়ারের তোড়ে ভেঙে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সাহেবেরে হাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, অব্যাহত নদী ভাঙনে বেড়িবাঁধ না থাকায় জোয়ার এলেই সব পানি গ্রামে ডুকে পড়ে। অস্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাঘাট ভেঙে বসতঘরে পানি উঠায় মানুষের দুঃখ-কষ্টের যেন শেষ নেই।
উল্লেখ্য কমলনগর-রামগতির তীর রক্ষা বাঁধ নির্মাণে গত ১জুন ২০২১ সালে একনেকে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের বিভিন্ন অজুহাতে গড়িমসির বলি হচ্ছে নদীর তীরে বসবাস করা বাসিন্দারা।





