খেলাধুলা

সেঞ্চুরিয়ানে ৩২৭ রানে অলআউট ভারত

মাত্র দু’দিনের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেলো ছবিটা। প্রথম দিন যেখানে ভারতীয় ব্যাটারদের আউট করতে ঘাম ছুটছিলো দক্ষিণ আফ্রিকার বোলারদের, সেখানে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার ৩ বল লাগলো ভারতের বাকি সাত উইকেট ফেলতে। সেঞ্চুরিয়ানে তাসের ঘরের মতো ভেঙে পড়লো ভারতীয় ব্যাটিং। ৩২৭ রানে অলআউট হয়ে গেলেন বিরাট কোহলিরা।

লুঙ্গি এনগিডি একাই নিয়েছেন ৬ উইকেট। কাগিসো রাবাদাও নিয়েছেন ৩ উইকেট। তৃতীয় দিনের শুরু থেকেই আঁটোসাটো বল করতে থাকেন এনগিডি ও রাবাদা। অবশ্য আউট হওয়ার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের অবদানও কিছু কম নয়। খারাপ শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এলেন তারা।

এই বিভাগের আরও সংবাদ

শুরুটা হয় লোকেশ রাহুলকে দিয়ে। রাবাদার বলে ১২৩ রানের মাথায় আউট হন তিনি। আগের দিনের রানের সঙ্গে মাত্র এক রান যোগ করেন। দিনের চতুর্থ ওভারে আউট হন তিনি। লেগ স্টাম্পের দিকে যাওয়া বুকের উচ্চতার একটি বল হুক করতে যান রাহুল। ঠিক মতো পারেননি। বল উইকেটরক্ষক কুইন্টন ডিককের হাতে জমা পড়ে।

এরপর আউট হন আজিঙ্কা রাহানে। ৪০ রানে অপরাজিত থাকা রাহানে অর্ধশতরান পেলেন না। ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার উইকেটটি নেন এনগিডি। তার বলের অতিরিক্ত বাউন্সে ঠকে যান রাহানে। তিনিও উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন। ৯৭তম ওভারে উইকেটটি পড়ে। এই সময় থেকে ভারত পরের পাঁচ ওভারের প্রতিটিতে একটি করে উইকেট হারায়।

পরের ওভারে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। রাবাদার বল লেগের দিকে খেলতে গিয়ে শর্ট কভারে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৯৯তম ওভারে ফেরেন ঋষভ পান্থ। তার শরীর লক্ষ্য করে বল করেন এনগিডি। পান্থের ব্যাটের ভিতরের দিকে লেগে বল প্যাডে লাগে। সেখান থেকে শর্ট লেগে সহজ ক্যাচ যায়। শেষ উইকেটে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ কিছু রান যোগ না করলে আরো আগে শেষ হতো ইনিংস।

এই বিভাগের আরও সংবাদ