আইন প্রণয়নসহ চার দফা প্রস্তাব তরিকতের


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সংলাপে অংশ নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন।বৈঠকে তারা রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ চার দফা প্রস্তাব দিয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে এই বৈঠকে অংশ নেয় বাংলাদেশ তরিকত ফেডারেশন। এসময় সার্চ কমিটি গঠনের জন্য পাঁচটি ক্যাটাগরিতে সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, সাবেক সচিব এবং আপিল বিভাগের একজন বিচারপতিকে নেয়ার প্রস্তাব দেন তারা। তবে কোন নাম প্রস্তাব করেননি দলটি।
এদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নির্বাচন কমিশন আইন গঠনে সহমত প্রকাশ করেছেন বলে জানান তরিকত ফেডারেশন সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী।
এর আগে, বিকেলে দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়। এছাড়াও আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসবে খেলাফত মজলিস।
এদিকে, রবিবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারবে এমন নির্বাচন কমিশনের দাবি জানান তারা।
এর আগে, গেল বুধবার জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেন। এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে জাসদ প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং আলোচনায় অংশগ্রহণের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। এসময় নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে চলমান সংলাপে রাষ্ট্রপতিকে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয় জাসদ।
এদিকে, ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সঙ্গে প্রথম দিনের সংলাপে অংশ নিয়ে সার্চ কমিটি গঠনে পাঁচজনের নাম প্রস্তাব করেছেন জাতীয় পার্টি। সেদিন সংলাপে অংশ নিতে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান।
উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।





