দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করল বাজুস


দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, হলমার্ককৃত ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাটসহ দাম ১৯ হাজার ২২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮৮০ টাকা।
অন্যদিকে, রৌপ্য অলংকারের ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। হলমার্ককৃত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা এবং ১৮ ক্যারেটের ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যের দাম ১৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে মজুরি ও পাথরের দাম নির্ধারিত মূল্যের বাইরে থাকবে।
এছাড়া স্বর্ণের অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



