প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের সময় নৌদুর্ঘটনা মোকাবিলায় কোস্টগার্ড বিশেষ ডুবুরি দল প্রস্তুত রেখেছে। বাহিনীটি উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
মহাপরিচালক বলেন, পূজা চলাকালীন সময়ে নৌ দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত থাকবে। পাশাপাশি আমি অনুরোধ করব, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন, আমরা দ্রুত পদক্ষেপ নেব।
তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম ও খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড।
পূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। জরুরি পরিস্থিতিতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
শীর্ষ এই কর্মকর্তা বলেন, উপকূলীয় এলাকাগুলোর মধ্যে আমাদের পূর্ব জোন ৬৩টি, পশ্চিম জোন ১৪৪টি ও দক্ষিণ জোন ৩৭১টি এবং ঢাকা জোন ৩৭টি সর্বমোট ৬১৫টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
ব্রিফিংয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গোৎসব উদযাপনের শুভকামনা জানান কোস্ট গার্ডের মহাপরিচালক। একই সঙ্গে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকে ধন্যবাদ জানান তিনি।



