শীর্ষ নিউজ

সাত মাসে বিদেশ গেছেন চার লাখ ৩২ হাজার ৭৮৬ কর্মী

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। তাদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ হয়েছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বা ২৮০ কোটি ডলার বেশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সদস্য মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের সুপারিশ করে কমিটি।

এছাড়া বিদেশফেরত ও বিদেশগামী কর্মীদের বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

রেমিট্যান্সে প্রবৃদ্ধি

বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্সের প্রবাহ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। আগের সময়ের তুলনায় যা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেড়েছে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে বৈঠকে আলোচনা হয়।

ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের দেশে ফেরত আনা হয়।

বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের সংকটকালীন সুরক্ষা এবং প্রয়োজনের সময় দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

২ হাজার ৮৬০ রিক্রুটিং এজেন্সি

বৈঠকে জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়ে থাকে। বর্তমানে দেশে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি বিদেশগামী কর্মীদের সেবা নিশ্চিত করা এবং বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার সুপারিশ করেছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ