শীর্ষ নিউজ

প্রজ্ঞাপনে দুর্গাপূজায় বর্ধিত ছুটি কত দিন, কোন কোন প্রতিষ্ঠান খোলা

শারদীয় দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবারকে দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

এর আগে সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল।

এই বিভাগের আরও সংবাদ

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর- এই তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সংশ্লিষ্টরা।

যদিও পাঁচ দিনের ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

যেসব সেবা ছুটির আওতামুক্ত

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ছুটির সময়ে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।

এসব সেবার সঙ্গে যুক্ত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি কার্যক্রমে নিয়োজিত অফিসগুলোও ছুটির আওতামুক্ত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

৭ নভেম্বরও সাধারণ ছুটি

এদিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এই বিভাগের আরও সংবাদ