একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না


একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালা বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।
এর আগে, একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালা চ্যালেঞ্জ করে রিট করেন ৫ ব্যক্তি। রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধ করতেই সরকার গত ২৭ আগস্ট নতুন এই নীতিমালা’ প্রণয়ন করে। এই নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সার ডিলাররা। পরে নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট। এই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ।



