আইন ও আদালত

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন হত্যা মামলার আসামি

আদালতে থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। খিলগাঁও থানায় কিশোর জিসান হোসেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হলে শুনানি শেষে তিনি পালিয়ে যান।

শরিফুল (২৮) দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা।

২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে খিলগাঁও থানায় কিশোর জিসান হোসেন হত্যা মামলায় শরিফুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান। পালানোর ঘটনায় সেদিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এই মামলায় সাক্ষ্যগ্রহণ থাকায় আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী না আসায় আদালতের কার্যক্রম শেষে তাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আসামি শরিফুল পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি কৌশলে আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।’

এই বিভাগের আরও সংবাদ