জবি দিবসকে স্মরণীয় করতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান ভিসির


জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস তথা বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে সফল ও সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’ তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আন্তরিকতা ও উৎসাহের সঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য খুব দ্রুত বিভিন্ন উপকমিটি গঠন করা হবে। এসব উপকমিটিকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রয়োজনীয় বাজেট প্রণয়ন ও দাখিল করতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সার্বিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি প্রণয়ন, বিভিন্ন উপকমিটি গঠন, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের আপ্যায়ন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উল্লেখযোগ্য অর্জন তুলে ধরে একটি ডকুমেন্টারি নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অর্জন ও সাফল্য নিয়ে একটি বুকলেট প্রকাশের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসকে নান্দনিকভাবে সাজানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তারপরও নিজেদের সক্ষমতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সর্বোচ্চ পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের উদ্যোগ নিতে হবে।’ তিনি অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কমিটি ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।



